দ্বিতীয় রোজায়ও ঢাকায় বৃষ্টি, স্বস্তি

দিনের ব্যাপ্তি দীর্ঘ থাকায় এবার রমজান প্রায় ১৪ ঘণ্টা রোজা থাকতে হচ্ছে। প্রথম দিনের মতো রোজার দ্বিতীয় দিনেও বিকেলের ঝুম বৃষ্টি নামে রাজধানীতে। ফলে বৃষ্টি রোজাদারদের ক্লান্তি দূর করে এনে দিয়েছে স্বস্তি।

শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে চারটা থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া অফিস রাজধানীসহ তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানায়।

বৃষ্টির কারণে নগরবাসীর ধুলাবালি থেকেও যেমন নিস্তার মিলেছে, তেমনি বিরাজ করা ভ্যাপসা গরম থেকেও স্বস্তি এসেছে।

বাংলা মোটরের বাসিন্দা সাজ্জাদ জানান, বিকেলের দিকে হঠাৎ-ই আকাশ ঢেকে যায় কালো মেঘে। তারপর নামতে শুরু করে ঝুম বৃষ্টি। গতকালও বৃষ্টি হয়েছিল, তবে আজকের বৃষ্টির পরিমাণ বেশি। বৃষ্টির কারণে রোজার ক্লান্তি স্বস্তি এনে দিয়েছে। এ যেনো মহান আল্লাহর অশেষ রহমত।
এদিকে বিকেল থেকে মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের খবর পাওয়া গেছে। এ সময় প্রচুর শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গেছে।
সকালে আবহাওয়া অধিদফতর আলাদা বিজ্ঞপ্তিতে দেশের ৬ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৩ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শুক্রবার (২৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া ময়মনসিংহে ৫ ও কুমিল্লায় ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

বিজনেস বাংলাদেশ/ bh

The post দ্বিতীয় রোজায়ও ঢাকায় বৃষ্টি, স্বস্তি appeared first on বিজনেস বাংলাদেশ.



from বিজনেস বাংলাদেশ https://ift.tt/SRWGTkZ

Post a Comment

Previous Post Next Post